ইতালিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

ইতালিস্থ বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলানের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২১’। গত ১৮ ডিসেম্বর অফিস মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয় অভিবাসী দিবসের নানাবিধ অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানে অভিবাসীদের সেবা প্রদান করা হয়।

দিনটিতে আগত ৪০০ সেবা প্রার্থীকে ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেবা প্রদান শেষে আলোচনা সভা ও এ বছর সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সভাপতি বক্তব্যে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ তার সমাপনী বক্তব্যে প্রবাসীদেরকে দেশে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য ধন্যবাদ জানান। শ্রম কনসাল ও সাব্বির আহমেদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন। 

এ আলোচনায় অংশ নেন এ বছর সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী বিজয়ীরা এবং কমিউনিটির নেত্রীবৃন্দ। বক্তারা প্রবাসীদের পেনশন প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। দিবসটি উপলক্ষে কনসাল জেনারেলের অনুরোধে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা এক্সচেঞ্জ কোম্পানি এস আর এল বিনা মূল্যে রেমিটেন্স প্রেরণ করে।