ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে প্যানেল চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ শিক্ষকদের প্যানেল নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল।
এবার নীল দলের প্যানেলের প্রধান পদগুলোতে কোন নতুন মুখ নেই। গত বছরের প্যানেলেই এবারের নির্বাচনে অংশগ্রহণ করবে দলটি। অন্যদিকে গতবছর সাদা দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। সাদা দলের সর্বশেষ প্যানেল হয়েছিলো ২০১৯ সালে। সে প্যানেলের প্রার্থীদের পরিবর্তন হয়েছে।
তবে বরাবরের মতো এবারও নির্বাচনে অংশ নিচ্ছে না বামপন্থী শিক্ষকদের সংগঠন গোলাপি দল।শিক্ষক সমিতির এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ৩০ তারিখ।
ওইদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী। গত শনিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
নীল দলের প্যানেলে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোন পরিবর্তন নেই। গত বছর যারা নির্বাচিত হয়েছিলো এবছরও একই প্রার্থীরা সে পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
অন্যদিকে সদস্য পদের ১০টির মধ্যে পাঁচটির পরিবর্তন হয়েছে। সে হিসেবে নীল দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গতবারের নির্বাচিত সভাপতি আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক পদে নীল দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।
সহসভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম-সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।
বাকী ১০টি সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করবেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া, পদার্থ বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন মুন্সি, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।
অন্যদিকে সাদা দল থেকে এবার সভাপতি পদে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইয়ারুল কবীর, সহ-সভাপতি পদে একই বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন, যুগ্ম সম্পাদক পদে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দাউদ খাঁন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে, সাদা দলের পক্ষে দশটি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক ড. আশেকুল আলম রানা, অধ্যাপক ড. এ এস এস আমানুল্লাহ, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন, অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক মো. লুৎফর রহমান ও সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। সর্বশেষ কার্যকরী পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছিল আওয়ামীপন্থী নীল দল।