ইসি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাসদ

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে চলমান সংলাপের দ্বিতীয় দিনে বঙ্গভবনে গেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সঙ্গে আলোচনায় বসতে হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।

গত সোমবার জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতির সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাসদ ছাড়াও ক্ষমতাসীন ১৪ দলের আরও দুই শরিক সংলাপের আমন্ত্রণ পেয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এই দুই দল যথাক্রমে ২৬ ও ২৮ তারিখ বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবে। 

এছাড়াও আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় তরীকত ফেডারেশন, সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস, ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বিএনএফ ও সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট নেতাদের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি। তবে এখনো আওয়ামী লীগ, বিএনপিসহ অন্য নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের সময় চূড়ান্ত হয়নি।

নির্বাচন কমিশন

রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।