খালেদা জিয়ার মুক্তির জন্য এই মুহূর্তেই রাস্তায় নামা দরকার: রিজভী

দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বন্দী নয়; তিনি আজকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার জন্য এই মুহূর্তেই নেতা–কর্মীদের রাস্তায় নামা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে এ বক্তব্য দেন এই প্রবীণ বিএনপি নেতা। 

রিজভী বলেন, আমরা বলি তাঁর (খালেদা জিয়া) যদি কিছু হয় তাহলে এই সরকারকে জবাবদিহি করতে হবে। তাঁর কিছু হওয়া পর্যন্ত কেন আমরা অপেক্ষা করব, তার কিছু হবে কেন? কিছু হওয়ার আগেই এই মুহূর্তে আমাদের রাস্তায় নামতে হবে। গণতন্ত্রের মা এবং জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক যে মানুষটি, তিনি আজ প্রতিহিংসার বশবর্তী হয়ে ভয়ংকর পরিস্থিতিতে বন্দিদশায় রয়েছেন। তাঁদের কোন ম্যান্ডেট নেই, জনগণের সমর্থন নেই, ভোট-নির্বাচনকে একেবারে নির্বাসনে পাঠিয়ে শুধুমাত্র এক প্রতিহিংসা পূরণের জন্য দেশনেত্রীকে বন্দী করে রেখেছে। মানুষ হিসেবে চিকিৎসার যে মৌলিক অধিকার সেটিও এই সরকার হরণ করেছে। তাঁকে তিলে তিলে শেষ করে দিয়ে দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে শাসন করতে চায় এই সরকার।' 

আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য অগণতান্ত্রিক উল্লেখ করে রিজভী বলেন, এই পার্থক্য বুঝেই জাতীয়তাবাদী শক্তিকে উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দেশের মানুষ বাঁচল কি মরল এই বিষয়ে শেখ হাসিনার কোন ভ্রুক্ষেপ নেই। তাঁদের শুধু ক্ষমতা চাই, ক্ষমতার জন্য হেন কোন কাজ নেই যা তাঁরা করতে পারেন না। 

আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাহাউদ্দিন বাহার, সভাপতি রুনেসা এবং সঞ্চালনা করেন মল্লিক মো. মোকাম্মেল কবীর-সাধারণ সম্পাদক রুনেসা। আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। 

 

ইত্তেফাক/এনএ