ঢাবির ছাত্রী হলে বিবাহিতদের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বিবাহিত ও গর্ভবতী অবস্থায় ছাত্রীদের না থাকার নিয়মের বিধান বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টান্ডিং কমিটি’র সভায় এ নিয়ম বাতিলের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রক্টর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত, মাতৃত্বকালীন অবস্থায় (গর্ভবর্তী) হলে না থাকার নিয়মটি রহিত করেছে প্রশাসন। তবে সন্তান জন্মদানের আগে ও পরে পরিবারের সঙ্গে শিক্ষার্থীদের থাকা সমীচীন বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে। এসব হলের আসন বণ্টন সম্পর্কিত নীতিমালার একটি ধারায় বলা হয়েছে, ‘কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়মভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।’

এই নিয়মের প্রতিবাদ করে সম্প্রতি উপাচার্যের কাছেও যান বিভিন্ন ছাত্রী হলের শিক্ষার্থী প্রতিনিধিরা। তারা নিয়মটি বাতিল করা ছাড়াও কয়েকটি দাবি উত্থাপন করেন।

অন্যদিকে, অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের হলে না থাকার বিধি বাতিল চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, শামসুন নাহার হল, কুয়েত-মৈত্রী হল ও সুফিয়া কামাল হলের প্রভোস্টের কাছে এ নোটিশ পাঠানো হয়।


ইত্তেফাক/এনএ