২০২২ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে ভিয়েতনামে

২০২২ সালে ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। যা দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে হবে সর্বোচ্চ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাম্প্রতিক প্রকাশিত তথ্যে এ চিত্র ফুটে উঠেছে। খবর বিজনেস টাইমসের (এসজি)

করোনা মহামারিতে কয়েক মাস আগেও দেশটির অর্থনীতি চরম অনিশ্চয়তার মধ্যে ছিল। এমন কোনো আর্থিক খাত নেই যেখানে করোনার নেতিবাচক প্রভাব পড়েনি। টানা লকডাউনে দেশটির অর্থনীতিতে নেমে এসেছিল অচলাবস্থা।

এডিবির প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ২০২২ সালে ভিয়েতনামে সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে, যা একটি দেশের জন্য খুবই আনন্দের। বিশ্লেষকরা জানিয়েছেন, করোনা-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা সব খাতের ওপর সমানভাবে প্রয়োগ করা হবে না। গত কয়েক মাসের মধ্যে অনেক খাত স্বাভাবিক অবস্থায় ফিরেছে। আবার অনেক খাত আছে যারা ২০২২ সালের মধ্যেও ভালোভাবে স্বাভাবিক অবস্থায় আসতে পারবে না। এমনকি ২০২৩ সালেও তাদের সংগ্রাম করতে হবে। 

এর আগে এডিবির প্রকাশিত তথ্যে বলা হয়, উন্নয়নশীল এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২১ সালে ৭ শতাংশ এবং ২০২২ সালে ৫ দশমিক ৩ শতাংশ হবে। যা তাদের আগের অনুমান থেকে শূন্য দশমিক ১ শতাংশ কম। এর আগে সেপ্টেম্বরে ব্যাংকটি পূর্বাভাস দিয়েছিল এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ হবে। এপ্রিলে এই হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ। করোনার ডেলটা ধরনের কারণে তখন এই পূর্বাভাস দেওয়া হয়েছিল। করোনা ভাইরাসের নতুন ঢেউ অর্থাত ওমিক্রন এ অঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।