বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক 

বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা। বুধবার (২২ ডিসেম্বর) বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। 

এক প্রেস বার্তায় সংস্থাটি জানিয়েছে বিদ্যুৎ বিতরণ আধুনিকায়ন কর্মসূচির মাধ্যমে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চার কোটি মানুষ উপকৃত হবে। এই কর্মসূচির মাধ্যমে ৩১ হাজার কিলোমিটার বিতরণ লাইন স্থাপন ও উন্নত করা হবে। সেই সঙ্গে ১৫৭টি বিতরণ সাবস্টেশন এবং সহায়ক অবকাঠামোর উন্নয়ন করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের ২৫টি পল্লিবিদ্যুৎ সমিতির বিতরণ নেটওয়ার্ক উন্নত করা হবে। 

প্রকল্পটির বিষয়ে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্রানডান চ্যান উল্লেখ করেছেন, গত এক দশকে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ বিদ্যুৎ সংযোগের আওতায় চলে এসেছে। তবে উৎপাদনের সঙ্গে বিতরণ ব্যবস্থা সমানভাবে এগোতে পারেনি। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিতরণ ব্যবস্থার উন্নতি হবে।