অভিনব কায়দায় এ-ফোর সাইজ প্রিন্টিং পেপারের ভেতর লুকিয়ে আনা হলো সিগারেটের জাল স্ট্যাম্প। বুধবার (২২ ডিসেম্বর) জাল সিগারেট স্ট্যাম্পেরর কনটেইনারটি জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ।
সূত্র জানায়, চট্টগ্রামের জুবিলি রোডস্থ কোতোয়ালি থানাধীন আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ চীন থেকে এ-ফোর পেপার ঘোষণায় এক কনটেইনার পণ্য আমদানি করে। চট্টগ্রাম কাস্টম হাউসের পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) আমদানির তথ্য বিশ্লেষণ করে পণ্যচালানটিতে অসত্য ঘোষণায় সিগারেটের প্যাকেটে ব্যবহারযোগ্য জাল স্ট্যাম্প থাকার বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে এ দপ্তরের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) কর্তৃক এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে আলোচ্য পণ্য চালানের বিএল ব্লক করা হয়।
বুধবার পণ্যচালান সংশ্লিষ্ট কনটেইনার পরীক্ষা শুরু করা হয়। পণ্যচালানটি শতভাগ কায়িক পরীক্ষার লক্ষ্যে সমুদয় পণ্যের প্যাকেট কেটে কায়িক পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
চট্টগ্রাম কাস্টম সূত্রে জানা যায়, কনটেইনারে রক্ষিত ১২টি প্যালেট শতভাগ কায়িক পরীক্ষা শেষে প্রকৃত পরিমাণ জানা যাবে। এখন পর্যন্ত মধ্য মানের সিগারেট স্ট্যাম্প পাওয়া গেছে।