দেশের পাশাপাশি ওপার বাংলাতেও দারুণ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রতিটি নাটকেই তার ভিন্ন ভিন্ন রূপ ও অভিনয় মুন্সিয়ানা মুগ্ধ করে দর্শকদে। তবে শুধু নাটক নয়, প্রায়ই তার দেখা মিলছে বড়পর্দাতে। সেই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘ডিকশনারি’।
সিনেমাটির মাধ্যমে ওপার বাংলার চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। মুক্তির পরও ‘ডিকশনারি’ দারুণ সারা ফেলে দর্শকদের মাঝে। পাশাপাশি সিনেবোদ্ধা, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সকলেই মোশাররফ করিমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। এবার সেই সিনেমাটির সাফল্যের ঝুড়িতে জমা হলো আরও একটি অর্জন। শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে সিনেমাটি।
নিজের ফেসবুকে সিনেমাটির পোস্টারসহ একটি পোস্ট দিয়ে এই সুখবর জানিয়েছেন ‘ডিকশনারি’র পরিচালক ও ওপার বাংলার অভিনেতা ব্রাত্য বসু। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব (৭ম পর্ব) ২০২১-এ (২৬-৩০ ডিসেম্বর) নির্বাচিত হলো ব্রাত্য বসুর সিনেমা ‘ডিকশনারি’। সিনেমাটি উত্সবের সমাপনী চলচ্চিত্র হিসেবে শ্রীলঙ্কার প্রখ্যাত জাফনা শহরের কালাম কালচারাল সেন্টারে ৩০ ডিসেম্বর দেখানো হবে।’
তিনি আরও লেখেন, ‘শ্রীলঙ্কার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব হলো সিনেমায় সৃজনশীল অভিব্যক্তির সমসাময়িক রূপগুলো অন্বেষণ করার একটি নির্দলীয় প্লাটফর্ম। উত্সবের মূল লক্ষ্য হলো উপদ্বীপে স্বাধীন সিনেমা উদযাপন করা, অন্যান্য সংস্কৃতির সঙ্গে বোঝাপড়া তৈরি করা, আন্তর্জাতিক অঙ্গনে সিনেমার মাধ্যমে সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি করা। আন্তর্জাতিক স্বীকৃতির মুকুটে আরও একটি নতুন পালক। চিয়ার্স টিম ডিকশনারি!’
বুদ্ধদেব গুহর লেখা দুটি ছোটগল্প ‘স্বামী হওয়া’ ও ‘বাবা হওয়া’ অবলম্বনে ‘ডিকশনারি’ সিনেমাটি নির্মাণ করেছেন ব্রাত্য বসু। সিনেমাটি গল্পে অসম বয়সী দাম্পত্য সম্পর্ক, বিবাহ বহির্ভূত প্রেম-ভালোবাসা ও সম্পর্কের জটিল ধাঁধা প্রাধান্য পেয়েছে। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন ব্যবসায়ীর চরিত্রে। যিনি খুব বেশি পড়াশোনা করতে পারেননি। তবে একমাত্র ছেলের পড়াশোনার জন্য কোনো কমতি রাখেন না। সিনেমাটিতে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু।
মোশাররফ করিম-পৌলমী বসু ছাড়া এতে আরও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, নুসরাত জাহানসহ বেশ কয়েকজন জনপ্রিয় তারকা।