কমলাপুরে ট্রেনে কাটা পড়ে হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে তারিকুজ্জামান বকুল (৪৫) নামের হাইকোর্টের বিচার শাখার এক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

ঢাকা রেলওয়ে থানার ওসি মাজহারুল হক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। তবে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে যে তিনি কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত  রেললাইনে পড়ে যান। ওই সময় দুই নম্বর প্লাটফরম থেকে মোহনগঞ্জগামী  কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। তিনি ট্রেনের লোকোমোটিভের সামনে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

ওসি আরও জানান, নিহত তারিকুজ্জামান বকুল হাইকোর্টের বিচার শাখার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের মৃত আবুল হোসেনের সন্তান তিনি। তবে কী কারণে তিনি কমলাপুর  রেলস্টেশন এলাকায় এসেছিলেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি। এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার একজন পুলিশ কর্মকর্তা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করবে।