প্রকাশিত হলো যুক্তরাজ্যের ডিউক ও ডাচেস অব সাসেক্স (প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান) তাদের কয়েক মাস বয়সী কন্যাসন্তান লিলিবেটের প্রথম ছবি। বড়দিনের শুভেচ্ছা কার্ডে লিলিবেটকে সঙ্গে নিয়ে তোলা ছবি প্রকাশ করেছেন তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, লিলিবেটকে মেগান মার্কেল দুই হাত দিয়ে উপরে তুলে ধরে রেখেছেন। তার পাশে বসে আছেন প্রিন্স হ্যারি। তার কোলে তাদের দুই বছরের ছেলে আর্চি।
কার্ডে থাকা ছবিটি দাতব্য সংস্থা ‘টিম রুবিকন’র টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। এতে দেখা যাচ্ছে, লিলিবেটের পরনে রয়েছে সাদা রঙের পোশাক।
গত ৪ জুন লিলিবেট জন্মগ্রহণ করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি হাসপাতালে জন্মগ্রহণ করে। রানি এলিজাবেথের প্রপৌত্র-প্রপৌত্রীদের মধ্যে লিলিবেট ১১তম। রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকায় তার অবস্থান অষ্টম।