মুরাদনগরে দুই ডাকাত গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ইলিয়েটগঞ্জ-মুরাদনগর সড়কের হক্কার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার তিতাস উপজেলার রঘুনাথপুর গ্রামের নয়ানী চকেরবাড়ী এলাকার হোসেন মিয়ার ছেলে মাঈন উদ্দিন (৩৮) ও মিজানুর রহমান মুন্সির ছেলে হযরত আলী (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ ও এসআই কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতি নেবার সময় দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের কাছে থেকে পুলিশ একটি দেশিয় এলজি বন্দুক, দশ রাউন্ড কার্তুজ, চারটি রামদা, একটি গাছ কাটার করাত উদ্ধার করে।

আরো পড়ুন: পুরান ঢাকায় আর কেমিকেল গোডাউন রাখতে দেওয়া হবে না: সাঈদ খোকন 

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) একেএম মনজুর আলম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুরাদনগর ও তিতাস থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/অনি