লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় নৌ পরিবহন প্রতিমন্ত্রীর শোক

ঝালকাঠিতে যাত্রী বোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

পৃথক শোক বার্তায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে আগুন লেগে ৩৭ জনের প্রাণহানি এবং আরও ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে দপদপিয়া এলাকায় পৌঁছলে গতরাত ৩ টার দিকে লঞ্চটিতে আগুন লাগে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লঞ্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, ‘এমভি অভিযান-১০’ নামে  যাত্রীবাহী লঞ্চটি ঢাকা থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল। রাতে ইঞ্জিন কক্ষ থেকে আগুন লাগে। এ সময় কেবিনের যাত্রীরা ঘুমিয়ে ছিলেন। লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এখন পর্যন্ত ৩৭ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করছেন।