যুক্তরাষ্ট্রে হস্তান্তর আদেশের বিরুদ্ধে আপিল অ্যাসাঞ্জের

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে হস্তান্তর ঠেকাতে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে এই মাসের শুরুতে যুক্তরাজ্যের একটি আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করার পক্ষে রায় দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এ আবেদন করে তার আইনজীবীদের দল।

২০১০ সালে ইরাক-আফগানিস্তান যুদ্ধের মার্কিন সামরিক নথি ফাঁস করে দেন অ্যাসাঞ্জ। এসব নথি প্রকাশের কারণে তার বিরুদ্ধে ১৮টি গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগে তাকে বিচারের মুখোমুখি নিজেদের হেফাজতে পেতে চায় যুক্তরাষ্ট্র।

গত ১০ ডিসেম্বর লন্ডনের হাইকোর্টে একটি আবেদনে জিতে যায় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তরের সম্ভাবনা প্রবল হয়। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অ্যাসাঞ্জ। সর্বোচ্চ আদালতে এ আপিল না টিকলে এবং হাইকোর্টের রায় কার্যকর হলে শিগগিরই অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।