‘ইত্তেফাকের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

নানাবিধ চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে সুদীর্ঘ ৬৮ বছর পেড়িয়ে আজ সফলতা ও অর্জনের ৬৯ বছরে পদার্পণ করেছে দৈনিক ইত্তেফাক।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাওরান বাজারে ইত্তেফাক ভবনে পত্রিকাটির সাবেক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সম্পাদক তাসমিমা হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

শুভেচ্ছা জানাতে এসে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন ও বঙ্গবন্ধুর সংগ্রামে ইত্তেফাকের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বাধীনতার পরবর্তী সময়েও দেশ গড়ার কাজে ইত্তেফাক অবদান রেখে চলেছে। 

একটি পত্রিকা দীর্ঘদিন ধরে জনপ্রিয় থাকার অনন্য উদাহরণ হিসেবে বর্ণনা করে পত্রিকা সংশ্লিষ্ট সকলকে এবং এর পাঠকদের অভিনন্দন জানান এবং দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছার লক্ষ্যে ইত্তেফাকের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাপ্রকাশ করেন হাছান মাহমুদ।