সড়ক দুর্ঘটনায় নিহত প্রকৌশলী মহিতুল আহমেদ রনির (৪২) মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার, এলাকাবাসী ও বন্ধু মহল। শুক্রবার (২৪ ডিসেম্বর) মিরপুর ১ নম্বর কমার্স কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা রনির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
নিহত রনি প্রকৌশলী আইইবি'র কম্পিউটার কৌশল বিভাগের নির্বাচিত সদস্য ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ছিলেন।
মানববন্ধনে নিহত রনির বড় ভাই শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু তইয়্যব বলেন, এই আকস্মিক দুর্ঘটনায় আমরা হতবম্ভ। এসময় আইনের সহায়তায় ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আসামিকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন প্রকৌশলী মহিতুল আহমেদ রনি। দুর্ঘটনার দিন বিকাল অনুমানিক ৫টার দিকে প্রকৌশলী রনি তার ব্যবসা প্রতিষ্ঠান বের হয়ে অফিসের সামনের রাস্তা দিয়ে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন। এসময় একটি প্রাইভেট কার চিড়িয়াখানা রোড থেকে দ্রুত গতিতে এসে রনিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। তাকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রনিকে মৃত বলে ঘোষণা করেন ।