জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বা পক্ষপাতিত্ব নিয়ে কথা নয়। আসলে দল নিরপেক্ষ ব্যক্তি কি আছে? নির্বাচন কমিশন গঠন প্রশ্নে আবার নির্বাচনকালীন সরকার নিয়েও কথা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই নিরপেক্ষতা নিয়ে। কারণ যে দল হারলেই সে দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। তারপরে শুরু হয়ে যাবে ঝগড়া-বিবাদ অশান্তি। আমরা শান্তি চাই।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী জাকের মঞ্জিলে আয়োজিত এক ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোস্তফা আমীর ফয়সল বলেন, নিরপেক্ষতা কঠিন কাজ। ১৯৭৩ পর্যন্ত নির্বাচন নিয়ে কথা হয়নি। '৭৫ এর বেদনাদায়ক রক্তাক্ত অধ্যায় পরবর্তী থেকে নির্বাচন নিয়ে ঝগড়া-বিবাদ অশান্তি হচ্ছে। যা কোনভাবেই থামছে না। এ ধারা অব্যাহত থাকলে জাতির জন্য তা শুভ হবেনা কল্যাণকর হবে না।
মোস্তফা আমীর ফয়সল দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় আমরা পূর্ণ প্রস্তুত হয়েই আছি। যদি দেশের স্বার্থ বিঘ্নিত হয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়, মহাজোট সরকার যদি তাদের সাথে না পারে, ষড়যন্ত্রকারীরা যদি সফল হতে থাকে ,তাহলে আমরা প্রতিরোধ করবো। মহাজোট সরকার অসমর্থ হলে, তার পরেই আছে জাকের পার্টি।