করোনাভাইরাসের ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে ভারতে। দেশটিতে ৪১৫ জনের দেহে পাওয়া গেছে এর অস্তিত্ব। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওমিক্রনে আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যটিতে এ পর্যন্ত ভাইরাসের এই ধরনে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এছাড়া দিল্লিতে ৭৮ জন, কেরালায় ৩৭ জন, তামিল নাড়ুতে ৩৪ জন।
গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন ধরন শনাক্তের খবর আসে। নতুন ধরন ওমিক্রনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর। এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২২ জন এই নতুন ধরনে আক্রান্ত বলে নিশ্চিত করে।