পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বলেন, ক্রিকেটার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ইমরান খানকে ভারতে পুতুল নেতা হিসেবে ডাকা হয়।
একইসঙ্গে সাবেক পাক এই প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালে তাকে ক্ষমতায় বসিয়েছে ক্ষমতাধারী সেনাবাহিনী। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন নওয়াজ শরীফ। বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ(পিএমএল-এন) এর বৈঠকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনবারের সাবেক এই পাক প্রধানমন্ত্রী আরো বলেছেন, ভারতে ইমরান খানকে পুতুল হিসেবে ডাকা হয় এবং যুক্তরাষ্ট্রে বলা হয় ইমরান খানের ক্ষমতা একজন মেয়রের থেকেও কম। কেননা বিশ্ব জানে ইমরান খানকে কেমন করে ক্ষমতায় বসানো হয়েছে।
'ইমরান খান জনগণে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেননি, তাকে সেনাবাহিনী ক্ষমতায় বসিয়েছে', বলেন নওয়াজ শরীফ। তথ্যসূত্র: এনডিটিভি।