তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, লঞ্চ দুর্ঘটনা নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর বক্তব্য তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিটিভি ভবনে বাংলাদেশ টেলিভিশনের ৫৮ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানের পূর্বে গত বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনাকে বিএনপি নেতারা ‘সরকারের দু:শাসনের ফল’ বলে মন্তব্য করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
দুর্ঘটনাটিকে অত্যন্ত দু:খজনক বলে অভিহিত করে এবং নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তথ্যমন্ত্রী বলেন, এক্ষেত্রে তদন্ত হচ্ছে এবং এটি দুর্ঘটনা না নাশকতা সেটি তদন্তে বেরিয়ে আসবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই নিহতদের পরিবারের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সাহায্য দেয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি মনিটর করছেন।
হাছান মাহমুদ বলেন, সবকিছুর সাথে রাজনীতি নিয়ে আসা অবান্তর। কেউ যদি বলেন, মান্না সাহেব ছয়বার দলবদল করেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! মির্জা ফখরুল সাহেবসহ অন্যান্য বিএনপিনেতারাও যারা খোলস বদলেছেন, সেটিও কি সুশাসনের অভাবে! এসব বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর প্রধানগণ, বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ, বেসরকারি টেলিভিশনগুলোর পরিচালকবৃন্দ, দেশবরেণ্য শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন।