‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শুনে একদিন ঘুম ভেঙেছিল বাঙালিদের। আঙুল উঁচানো সে মানুষটির ডাকে প্রতিদিন ঘুম ভাঙত ছোট্ট হাসুর। হ্যাঁ বন্ধুরা! ঠিক ধরেছ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু এবং তাঁর আদরের কন্যা সফল রাষ্ট্রনায়ক গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার কথাই বলছি। বলছি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা।
তোমরা কি ভাবতে পারো দুনিয়াজুড়ে খ্যাতি অর্জন করা আমাদের প্রধানমন্ত্রীও একদিন তোমাদের মতোই ছোট্ট ছিলেন। তাঁরও ছিল খেলার সাথী। পড়ার তাড়া। মায়ের বকুনি। বাবার আদর। কেমন ছিল তাঁর প্রথম স্কুলে যাওয়ার দিনটি? স্কুলে ভর্তি হওয়ার আগে-পরে অর্থাত্ পুরো শৈশব জানতে চাও শেখ হাসিনার? তাহলে ঝটপট পড়ে নাও ‘হাসুর পৃথিবী’। অনিন্দ্য রহমানের লেখা এবং আনিকা নাওয়ারের আঁকায় চমত্কারভাবে ফুটে উঠেছে শেখ হাসিনার শৈশবের গল্প।
হাসু তখন ক্লাস সেভেনে পড়ে। তোমাদের মতো হাসুর বাবাও হাসুকে স্কুলে ছেড়ে আসেন। ভালো শিক্ষার্থীরা কখনো নিজেকে পাঠ্যবইয়ে বেঁধে রাখে না। পাঠ্যবইয়ের বাইরে নানান আঙিনায় বিচরণ তাদের। আমাদের হাসুও এর ব্যতিক্রম নয়। তবে হাসুর পড়ালেখায় ছিল কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য। যা জানলে তোমরা বুঝতে পারবে আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ছোট্ট হাসুর বুকেই ধীরে ধীরে বড় হচ্ছিলেন। ‘হাসুর দেশ’-এ পাবে হাসু থেকে শেখ হাসিনা হয়ে ওঠার মজার গল্প। লিখেছেন অনিন্দ্য রহমান। ছবি এঁকেছেন রকিবুল হাসান।
জীবন সুন্দর। তাই বলে কি জীবনের প্রতিটি পদক্ষেপে মখমলের গালিচা বিছানো থাকবে? না। কখনো কখনো আগুনের গালিচায়ও হাঁটতে হয় মানুষকে। কষ্ট সইতে হয় দেশ ও দশের কথা ভেবে। হাসু তখন আর ছোট্ট নেই। পড়াশোনার পাঠ চুকিয়ে সংসারী হয়েছেন। এমন সময় বাংলাদেশের ভাগ্যাকাশে দেখা দেয় মুক্তিযুদ্ধের লাল টগবগে সূর্য। এক সাগর রক্তের বিনিময়ে যে সূর্যকে মুক্তির সূর্যে পরিণত করে এ দেশের দামাল ছেলেরা। তখন কী ভয়াবহ দুঃসময় হাসুদের। বাবা পাকিস্তানের জেলে। মা-ভাইবোন নিয়ে সন্তানসম্ভবা হাসু ছুটছেন এখান থেকে ওখানে। এ আশ্রয় থেকে ও আশ্রয়ে। ‘মুক্তির প্রতীক্ষায় হাসিনা’ বইয়ের বর্ণনাগুলো পড়লে শিউরে উঠবে তুমিও। পারভেজ হাসানের আঁকায় হাসিনার মুক্তির গল্প বলেছেন অনিন্দ্য রহমান।
যে মানুষটির আঙুলের ইশারায় ঘুম ভাঙে বাঙালিদের, তারা পায় স্বাধীনতার স্বাদ, সে মানুষটিকেই চিরতরে ঘুম পাড়িয়ে দেয় এ দেশের কিছু নিকৃষ্ট সন্তান। নির্মমভাবে খুন করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে। আহারে! এই পরিবারটিই তো সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমাদের প্রিয় জন্মভূমির স্বাধীনতার জন্য। উপকারের প্রতিদান যে মানুষ এভাবেই দেয় ইতিহাস আবার নতুন করে সাক্ষী হলো তার! তখন শেখ হাসিনা আর তাঁর বোন শেখ রেহানা ছিলেন ইউরোপে। বাংলার আলো-বাতাস-মাটি নিষিদ্ধ করা হয় তাঁদের জন্য। অথচ এই বাংলার জন্য পুরো পরিবারসহ কী কষ্টই না স্বীকার করেছেন শেখ হাসিনা। আমাদের সেই ছোট্ট হাসু কীভাবে দেশে ফিরলেন, তারপর ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়লেন, হয়ে উঠলেন আজকের শেখ হাসিনা; সে গল্প রয়েছে অনিন্দ্য রহমানের ‘শেখ হাসিনার ফেরা’য়। এঁকেছেন ফারহানা সারোয়ার।
ঝকঝকে ছাপা আর মনকাড়া প্রচ্ছদের বইগুলো প্রকাশ করেছে চর্চা প্রকাশনী। ‘হাসুর পৃথিবী’ ও ‘হাসুর দেশ’ বই দুটির দাম ১২৫ টাকা করে এবং ‘মুক্তির প্রতীক্ষায় হাসিনা’ ও ‘শেখ হাসিনার ফেরা’ বই দুটির দাম ১৫০ টাকা করে। বাংলা ভাষার পাশাপাশি চারটি বই-ই পাওয়া যাচ্ছে ইংরেজি ভাষায়ও। তাহলে আর দেরি কেন, আজই পড়ে ফেলো হাসুকে। আবিষ্কার করো অন্য এক শেখ হাসিনাকে।