জীবনের শেষ ভোটটি দিয়ে গেলাম

‘জীবনে আর ভোট দিতে পারি কিনা, তাই ছেলের হাত ধরে পছন্দের প্রার্থীকে আমার জীবনের শেষ ভোটটি দিয়ে গেলাম। এটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন।’

কথাগুলো বলছিলেন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট দিতে আসা শতবর্ষী বৃদ্ধ আব্দুর রাজ্জাক বকাউল (১০৫)। তিনি শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের চরহোগলা হাজ্বী আব্দুল হোসেন সরকার কান্দি গ্রামের বাসিন্দা। বড় ছেলে মো. দেলোয়ার বকাউলের হাত ধরে ভোট দেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ভোটের কথা শুধু সবার মুখে শুনতাম, হাঁটতে পারি না তাই বিছানায় পড়ে থাকি। ভেবেছিলাম ভোট দিতে পারব না। কিন্তু বড় ছেলে ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। ভোট দিয়েছি।

এই বৃদ্ধর ছেলে দেলোয়ার বলেন, আমরা দুই ভাই ও দুই বোন। মা ১৫ বছর আগে মারা গেছেন। আজ রবিবার দুপুরে অনুনয়-বিনয় করে বাবা বলছিলেন ভোট দেবেন, তাই আজকে বাবাকে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি। বাবার বয়স হয়েছে, কতদিন বাঁচেন আল্লাহ জানেন। তাই ভোট দিতে নিয়ে এসেছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, ভেদরগঞ্জে রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই উপজেলার ১২টি ইউনিয়নে মোট ভোটার ১লক্ষ ৮০হাজার ১২৬ জন।