দীর্ঘদিন পর তানভীর শাহিনের একক অনুষ্ঠান

কণ্ঠশিল্পী তানভীর শাহিন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস যাপন করলেও মনের ভেতরে বাংলাদেশ আর বাংলা গানকেই ধারণ করে চলেন| একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে দেশেও তার গ্রহণযোগ্যতা ব্যাপক| ‘সখীরে’ গানটির জনপ্রিয়তা তাকে অনন্য মাত্রা এনে দিয়েছে| এছাড়া নিজের ক্যারিয়ারে আলাউদ্দিন আলী, লাকী আখন্দসহ কিংবদন্তী শিল্পী-সুরকারের সঙ্গে কাজ করেছেন| দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ে তার এই গানের ক্যারিয়ারে একক সঙ্গীতানুষ্ঠান করা হয়নি| অবশেষে নতুন বছরে একক সঙ্গীতানুষ্ঠানে গাইবেন তিনি| 

আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে তানভীর শাহিনের একক সঙ্গীতানুষ্ঠান| নিউইয়র্কের হিন্দু টেম্পল সোসাইটি অডিটোরিয়ামে তানভীর শাহিনের এই একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে| দীর্ঘদিন পর একক কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে তানভীর শাহিন বলেন, ‘নিজের সাউন্ড বিজনেস, রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন স্টেটে একাধিক স্টেজ শোতে একজন সংগীতশিল্পী হিসেবে ব্যস্ত থাকায় আসলে সময় হয়ে ওঠেনি| আর একজন শিল্পীর জন্য একক অনুষ্ঠান আসলে তার পুরোটা প্রকাশ করার জায়গা| কারণ একজন শিল্পীর মূল জায়গাটা হলো মঞ্চ| মঞ্চে গান গাওয়ার আকুলতা একজন শিল্পীর সবচেয়ে বেশি থাকে| সেই কারণেই পিজি প্রডাকশন হাউজের এই উদ্যোগে রাজি হয়েছি| ইচ্ছে আছে নিজের একক, মিডলে বা কাভার সং মিলিয়ে বিজয়ের এই ৫০ বছরপূর্তিতে ৫০টি গান পরিবেশনার|’

উল্লেখ্য, তানভীর শাহিনের এই একক অনুষ্ঠানের সংগীতায়োজনে থাকবে মাটি ব্যান্ড| নতুন বছরে নিজের গান ও ক্যারিয়ারের পরিকল্পনা প্রসঙ্গে তানভীর শাহিন বলেন, ‘নতুন বছরে বেশকিছু নতুন গান উপহার দেওয়ার ইচ্ছে রয়েছে| একে একে সেই পরিকল্পনা অনুযায়ীই কাজ করতে চাই| করোনা কাটিয়ে নতুন বছরে সমৃদ্ধি আসুক, এটাই সকলের প্রত্যাশা থাকবে|’