মাস্টারপাড়ায় মুজিব উদ্যানে জয়নাল হাজারীর দাফন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর জানাজা ও দাফন মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাদ আসর ফেনী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

তিনি জানান, এরপর শহরের মাস্টারপাড়ায় মরহুমের ইচ্ছানুযায়ী নিজ বাড়ির আঙ্গিনায় মুজিব উদ্যানে তার লাশ দাফন করা হবে। 

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল হাজারী। নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। 

জয়নাল আবেদীন হাজারী ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ইত্তেফাক/কেএইচ