বিয়ের আগের দিন মোটা অঙ্কের টাকা হাতিয়ে উধাও পাত্রীপক্ষ

ভারতের মধ্যপ্রদেশের কাটনিতে বিয়ের আগের দিন পাত্র পক্ষের টাকা হাতিয়ে উধাও হয়েছে পাত্রীপক্ষ। পুলিশ সূত্রে জানা গেছে, পাত্রী এবং তার বাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে বেশ কয়েক দফায় ছেলের বাড়ি থেকে ২ লাখ টাকা আদায় করেছেন।

পাত্রের মা ৭৬ বছর বয়সী জগদম্বা দীক্ষিত সম্প্রতি কেমোর থানায় একটি লিখিত অভিযোগ করেন নকল পাত্রী এবং তার বাড়ির সদস্যদের নামে। অভিযোগে তিনি বলেন, তার দুই ছেলে বসন্ত লাল দীক্ষিত ও রাজেশ দীক্ষিতের জন্য ববিতা তিওয়ারির দুই মেয়ে সাধনা এবং শিবানি তিওয়ারির সম্বন্ধ আনেন অরুণ কুমার তিওয়ারি।

পরে বিয়ের সিদ্ধান্ত হলে মেয়ের বাড়ি সদস্যদের ছেলের বাড়ি আসতে বলা হয়। সেখানে মেয়ের সঙ্গে আসেন সাজানো মামা ও কাকা।

মেয়ের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয় বলে সেই সাজানো কাকা ও মামা প্রথম দফায় ছেলের বাড়ির কাছ থেকে ৬০ হাজার টাকা এবং পরবর্তী দফায় ৫০ হাজার টাকা নেন। এখানেই শেষ নয়, নানারকম অজুহাত দেখিয়ে নেন আরও ১ লাখ টাকা।

বিয়ের ঠিক এক দিন আগে ববিতা ছেলের বাড়িতে ফোন করে জানায় যে এক নিকট আত্মীয় মারা গেছেন। তাই এখনই বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর ছেলের বাড়ি থেকে যখন সতনায় মেয়ের বাড়িতে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, সেখানে এ রকম কোনো পরিবারে অস্তিত্ব নেই।