ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুমানিক ৩০ থেকে ৩২ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ নিয়ে এ ঘটনায় মোট ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস সদস্য মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আনুমানিক ৩০ থেকে ৩২ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ঝালকাঠি লঞ্চ টার্মিনালের অদূরে মাঝ নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে। লাশের পরনে কালো রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরা ছিল।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই নিয়ে ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদী থেকে ২টি লাশ উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে ৪১ জনের প্রাণহানি ঘটে।