জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে সুশাসন ও নিরাপত্তা নেই। অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের ঘাটতি লক্ষ্য করা যায়। দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। এক বছরের কাজ তিন বছর ধরে চলবে, ১শ কোটি টাকার স্থলে ৩শ কোটি টাকা ব্যয় হবে। এক বছরের স্থলে তিন বছর ধরে কষ্ট করবে সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ দেশের যে অবস্থা করেছে বিএনপি এলে সেই ধারাবাহিকতা রক্ষা করবে। দেশ ও মানুষের কোনো উপকার হবে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তেই আমরা এগিয়ে চলছি।
জিএম কাদের মনে করেন, দেশে কাজের ক্ষেত্র কমে গেছে, বেকারত্ব বাড়ছে। ট্যাক্স বেড়েছে সকল ক্ষেত্রে, কিন্তু মানুষের আয় বাড়েনি। তাই নিত্য পণ্যের দাম বেড়ে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সরকারি ঘোষণা অনুযায়ী দেশের জিডিপি বেড়েছে। জিডিপি বাড়লে মানুষের পেট ভরে না, তাই চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গেলে ফল বিরাট একটা শূন্য।