ফারুকী-তিশার ঘরে আসছে নতুন অতিথি

বেশ কিছুদিন আগে থেকেই ছিল গুঞ্জন- সন্তানের মা-বাবা হচ্ছেন তারা। এবার এলো অনুষ্ঠানিক ঘোষণা। মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশার সঙ্গে ছবি প্রকাশ করে এই খবর জানিয়েছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

মা–বাবা হচ্ছেন তিশা–ফারুকী। ছবি: সংগৃহীত

এই নির্মাতা সুখবর দেওয়া পোস্টে আরও যুক্ত করেছেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না? সে কেনো সবকিছুতে অনুপস্থিত? অনুপস্থিত কারন আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি।’

ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকী একদিন সাহস করে তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। এরপর বিয়ে। এবার সন্তানের মুখ দেখার পালা।

ইত্তেফাক/বিএএফ