রামগতিতে অটোরিকসা চাপায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে ব্যাটারি চালিত অটোরিকসার চাপায় আয়েশা আক্তার নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আয়েশা রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষা গ্রামের মো. বাবুলের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আয়েশা আক্তার সড়ক পার হওয়ার সময় একটি দ্রুত গতির ব্যাটারি চালিত অটোরিকসার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি মোহাম্মদ সোলাইমান জানান সড়ক দুর্ঘটনায় নিহত আয়েশা আক্তারকে উভয় পরিবারের সমঝোতায় স্থানীয় উদ্যোগে দাফনের ব্যবস্থা করা হয়েছে।