রাজৈরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

মাদারীপুরের রাজৈরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থী আতিয়ার শিকদার ও দাদন কান্তা সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে মহিলাসহ ২০জন আহত হয়। এছাড়া ১০-১৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

আহতদের মধ্যে ওমর আলী (২৮) ও মেরাজ শেখকে (৩০) গুরুতর অবস্থায় ফরিদপুর হাসপাতালে প্রেরণ করা হয় । অন্যান্যদের ৬-৭জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি শেখ সাদি জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থী আতিয়ার শিকদার ও দাদন কান্তা সমর্থকদের মধ্যে মঙ্গলবার সকালে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কমপক্ষে মহিলাসহ ২০জন আহত হয় এবং এসময় ১০-১৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে । 

তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে ।