শামীম ওসমান আমার বড় ভাই: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেন, তিনি (শামীম ওসমান) আমার বড়ভাই, তিনি একজন এমপি। এমপি হওয়ার কারণে উনি প্রচারণায় আসতে পারবেন না। যেহেতু তিনি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, শেখ হাসিনার কর্মী সেহেতু তিনি নৌকার বাইরে যাবেন না। তিনিও কিন্তু নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করেন। মান-অভিমান, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে কিন্তু সবাইকে আহ্বান জানাব- একসঙ্গে নৌকার জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

ডা. সেলিনা হায়াত আইভী বলেন,আমি আওয়ামী লীগ করি বিধায় আমাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। দল সব দিক চিন্তা করেই আমাকে প্রতীক দিয়েছে। আমরা বরাবরের মতো এবারো জয়যুক্ত হব আশা করছি। সর্বশেষ ২০১৬ সালেও আমি নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আমি আশা করি এবারো জনগণ আমার সঙ্গে থাকবেন।

আইভী বলেন, তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছেন। কিন্তু তিনি যেসব এলাকাতে যাচ্ছেন সব এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি বলব সত্য কথাটা বলুন। কারণ ভোটের পরে আমরা সবাই একসঙ্গেই থাকব।

আইভী আরও বলেন, আমি কখনই সরকার বা সরকারি দলের কোনো সুবিধা নেইনি। আমি নিজেও আচরণবিধি লঙ্ঘন করি নাই। আমি এতদিন ঘরেই ছিলাম।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলরদের মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

এদিকে মেয়র পদে আরও ৫ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ দলীয় প্রতীক হাতপাখা, খেলাফত মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন দলীয় প্রতীক দেয়ালঘড়ি, খেলাফত আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন বটগাছ, কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস দলীয় প্রতীক হাতঘড়ি বরাদ্দ পেয়েছেন।


ইত্তেফাক/এনএ