ওমিক্রনে কি মৃত্যুপুরী হবে ভারত? 

ভারতের রাজধানী দিল্লিতে ক্রমশ বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনায় ৪৯৬ রোগী শনাক্ত হয়েছে। গত ২ জুনের পর একদিনে রাজ্যটিতে করোনা শনাক্তের এই হার সর্বোচ্চ।  

এছাড়া দেশটির মুম্বাইয়ে করোনায় নতুন করে এক হাজার ৩৭৭ রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। 

গতকাল দেশটির রাজধানীতে করোনায় শনাক্ত হয় ৩৩১ জন। যা দেশটিতে গত ছয় মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এরমধ্যে ১৪২ জন ছিলেন ওমিক্রনে আক্রান্ত। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যউপাত্তে দেখা যাচ্ছে দেশটিতে গত মার্চ-এপ্রিল মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হারের চেয়ে এই সময়ে দৈনিক করোনায় সংক্রমণের হার প্রায় ২১ শতাংশ ঊর্ধমুখী। দেশটিতে দ্বিতীয় ঢেউয়ের সময়ে করোনায় দৈনিক মৃত্যু হতো গড়ে দুই হাজারের বেশি করে। 

তাই শঙ্কা দেখা দিয়েছে ওমিক্রনে ভারত কী আবার মৃত্যুপুরী হতে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড লেসেলস বলছেন, এই ভাইরাসটির সংক্রমণের ক্ষমতা, এক মানুষ থেকে অন্য মানুষে ছড়িয়ে পড়ার ক্ষমতা -এসব আমাদের শঙ্কার মধ্যে ফেলেছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেদ করার কিছু ক্ষমতাও সম্ভবত এর রয়েছে।

এদিকে এরই মধ্যে ভারতে করোনায় সংক্রমণের হার বাড়ায় 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমরা হতাশ যখন দেখি বাজারে ও শপিং মলে ভিড় দেখছি। এমন হলে আমাদের বাজার বন্ধ করে দিতে হবে। এমনটি আমরা কেউ চাই না। আপনি যদি নিজের খেয়াল না রাখেন, তাহলে কে রাখবে? আমরা আপনাদের অসুস্থ হতে দিতে চাই না। 

অরবিন্দ কেজরিওয়াল আরো বলেন, এসব বিধিনিষেধ আপনাদের কারণে জারি করা হয়েছে। আমি জানি আপনারা এতে সবাই বিরক্ত, কিন্ত এটি দেওয়া জরুরি কেননা এছাড়া আমাদের কোন উপায় নেই।  বিবিসি, এনডিটিভি।