রাজশাহী ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত   

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত রাজশাহী ক্যাডেট কলেজের ৫৪তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ (ই-ইন-সি) মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

সারাবছরের একাডেমিক ও সহ-পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমের সফলতা বিবেচনা করে কাসিম হাউসকে চ্যাম্পিয়ন ও তারিক হাউসকে রানার্স আপ ঘোষণা করা হয়। ২৭টি ইভেন্টে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিবসের মূল আকর্ষণ ছিল ক্যাডেটদের আকর্ষণীয় মার্চপাস্ট, ডিসপ্লে ও খেলায় সুশৃঙ্খল অংশগ্রহণ।

প্রধান অতিথি তার বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে এই কলেজের শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী ক্যাডেট কলেজ ১৯৬৬ সাল থেকে অদ্যাবধি শিক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলায় উত্তরবঙ্গের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ক্যাডেটদের তিনটি হাউসে আধুনিক সুযোগসুবিধা সহকারে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে মেধা ও মনন বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়।

বর্তমান অধ্যক্ষ ক্যাপ্টেন মো. হাফিজুর রহমান আফরাদের যোগ্য নেতৃত্বে কলেজ শিক্ষা সহ-পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমে প্রভূত সাফল্য অর্জন করেছে। 
আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা সারাবছরের অর্জন আপাত দৃষ্টিতে প্রত্যক্ষ করার প্রয়াস পান। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অভিভাবকমণ্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।