বরিশাল ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল ক্যাডেট কলেজের ৩৯তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, জেনারেল অফিসার কমান্ডিং, ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বরিশাল, শেখ হাসিনা সেনানিবাস।

তিনটি হাউসে বিভক্ত (শহীদ সোহরাওয়ার্দী, শেরে-ই-বাংলা এবং শরিয়তউল্লাহ) প্রতিযোগী ক্যাডেটবৃন্দ ২৬টি ইভেন্টে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এ শহীদ সোহরাওয়ার্দী হাউস বিজয়ী ও শেরে-ই-বাংলা হাউস উপবিজয়ী হয়। বছরের সকল প্রতিযোগিতার ফলাফলের সমন্বয়ে সার্বিকভাবে বিজয়ী হয় শহীদ সোহরাওয়ার্দী হাউস এবং উপবিজয়ী হয় শেরে-ই-বাংলা হাউস।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ কর্নেল সাইফুল হক আহমেদ। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিপুল সংখ্যক ক্যাডেট ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।