বার্সেলোনাকে ছন্দে ফিরিয়ে আনতে ক্লাবটিকে ঢেলে সাজাতে শুরু করেছেন কোচ জাভি হার্নান্দেজ। সেটিরই অংশ হিসেবে দিন দুয়েক আগে ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি। এবার গুঞ্জন, আরেক স্প্যানিশ ফরোয়ার্ড আলবারো মোরাতাকে ক্যাম্প-ন্যূতে আনতে যাচ্ছে বার্সা।
ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এবার বার্সেলোনার প্রধান টার্গেট মোরাতা। তাকে জানুয়ারিতেই চুক্তিবদ্ধ করার ব্যাপারে বদ্ধপরিকর তারা। সে জন্য জুভেন্টাস সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে গুঞ্জন।
২৯ বছর বয়সী মেরাতা বর্তমানে জুভেন্টাসের হয়ে খেলছেন। তাকে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে লোনে দলে ভিড়িয়েছিল ইতালিয়ান ক্লাবটি। সূত্র ইএসপিএনকে জানিয়েছে, মোরাতা ইতালিতে আর থাকতে চাচ্ছেন না। তিনি বার্সেলোনায় আসার জন্য রাজি।