সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার সীমান্তবর্ত্তী সলঙ্গায় যাত্রীবাহীবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল দশটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ২নং সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
তিনি জানান, ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহীবাস রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। সকাল ১০টার দিকে দিকে যাত্রীবাহীবাসটি উল্লেখিত স্থানে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সলঙ্গা থানা, হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল,বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানাগেছে। এরা হলেন নাটোরের বাগাতিপাড়ার পুলিশ পরিদর্শক সতেন্দ্র নাথ প্রামানিক (৫৪)। পাবনার চাটমোহরের কুমারপাড়া গ্রামের সফুরা বেগম (৬২)। এ সংবাদ লেখা পর্যন্ত নিহত অপর তিন জনের নাম-পরিচয় জানা যায়নি।