৫৪ বছর বয়সে অসাধ্য সাধন করলেন হান্নান 

দরিদ্রতার কাছে মাথা নত না করে  ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে চমকে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হান্নান। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চলতি বছরের এসএসসির ফল প্রকাশ করা হয়। এতে ৪ দশমিক ১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। 

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মৃত মঞ্জুর আলীর ছেলে আব্দুল হান্নান ২০২১ সালে তেলকুপি জামিলা সরণী ভোকেশনাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

দৈনিক ইত্তেফাককে আব্দুল হান্নান জানান, ২০১৭ সালে চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীর মহুরীর কাজের সন্ধানে গেলে আমার শিক্ষাগত যোগ্যতা না থাকায় জনৈক এক ব্যক্তি ব্যঙ্গ করে বলেন, ‘নিরক্ষর ব্যক্তি আবার মহুরীর কাজ করবে।’ এই কথাটি আমার কাছে অত্যন্ত মনকষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই ব্যঙ্গ কে পুঁজি করেই আমি ২০১৮ সালে তেলকুপি জামিলা সরণি ভোকেশনাল ইন্সটিটিউটে ভর্তি হই। চলতি বছরে নভেম্বরে অনুষ্ঠিত এসএসসি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করি। ৩০ শে ডিসেম্বর প্রকাশিত ফলাফলে আমি জানতে পারি জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ সংবাদ পেয়ে আমি আত্মহারা। আমার সাফল্য সংবাদে এলাকায় আনন্দের বন্যা বয়ে গেছে।

তিনি বলেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব।  শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাঁধা হতে পারে না। ৫৪ বছর বয়সে নিজে এসএসসি পাস করেছি আগামীতে উচ্চ ডিগ্রি অর্জন করব ইনশাল্লাহ। আমার এই সাফল্য ২০২২ সালের আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী জাহিদ হাসানের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড।  শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের ছেলে-মেয়েকে স্কুলে পাঠান।

স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের যে জোয়ার বইছে তার জ্বলন্ত উদাহরণ ৫৪ বছর বয়সে আব্দুল হান্নানের এসএসসি পাসে। বয়সের কারণে সরকারি চাকরি না হলেও বেসরকারি খাতে তার চাকরি পেতে সার্বিক সহযোগিতা করা হবে। 

তেলকুপি জামিলা সরণি ভোকেশনাল ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক আনারুল হক জানান আমার শিক্ষকতার জীবনে আব্দুল হান্নানের সাফল্য একটি ব্যতিক্রমী ঘটনা। আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করছি। 

বিনোদপুর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন বলেন আব্দুল হান্নানের ৫৪ বছর বয়সে এসএসসি পাসের মাধ্যমে প্রমাণিত হয় যে শিক্ষার কোন বয়স নেই আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হবে এবং তাকে সার্বিক সহযোগিতা করা হবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন আমার চাকরীর জীবনে আব্দুল হান্নানের সাফল্য টি একটি মাইলফলক।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের আনন্দের সাথে আব্দুল হান্নানের৫৪ বছর বয়সে এসএসসি পাস এর আনন্দ সংযুক্ত হওয়াটা আমাদের সৌভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উচ্চ ডিগ্রির ক্ষেত্রে যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে ।