স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রতিদন্ধিতামূলক সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। জনসম্পৃক্ততা না থাকলে নির্বাচনে কৃতকার্য হওয়া সম্ভব নয়। সন্ত্রাস নৈরাজ্য দিয়ে কখনো সফলতা লাভ করা যায় না।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মনোহরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, লাকসাম-মনোহরগঞ্জে অতীতের তুলনায় আইন-শৃংঙ্খলা অনেক উন্নত হয়েছে, এখানে সুশাসন প্রতিষ্ঠিত হোক, অন্যায়কারীরা শাস্তি পাক এবং ন্যায়ের পক্ষের লোকেরা সম্মানিত হোক এটাই আমার প্রত্যাশা। দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানানোর পাশাপাশি দল মনোনীত নয় এমন প্রার্থীর পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন মনোহরগঞ্জবাসিকে অসম্মানিত করার জন্য একটি কুচক্রী মহল বিভিন্ন অস্তিত্বহীন অভিযোগ উত্থাপন করে আমাদের সম্মানহানি করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সুপারিশকৃত ও মনোনীত প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীদের কাজ করার আহবান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ আহ্বায়ক দেওয়ান জসিম কালাম, যুবলীগ নেতা কামাল হোসেন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।