‘শুধু থ্রিলার গল্পে সিরিজ নির্মিত হচ্ছে না’

‘নতুন বছরে প্রত্যাশা থাকবে কাজের ক্ষেত্র প্রসারিত হোক। সবার কাজের সুযোগ আরো বৃদ্ধি পেলে ইন্ডাস্ট্রি ভালো একটি অবস্হানে যাবে। পাশাপাশি ঘরানা নির্ভরতা কমিয়ে কাজ জানা এবং যারা কাজ করতে চায় তাদের সুযোগ দিলে খুশি হতাম।’— নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে কথাগুলো বলেন অভিনেত্রী এলিনা শাম্মী।

করোনাকালীন সবারই চলচ্চিত্র মুক্তি থেকে শুরু করে শুটিং পর্যন্ত বন্ধ ছিল। এক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম ছিলেন এলিনা শাম্মী। এ বছর হলে দুটিসহ ওটিটিতে একটি চলচ্চিত্র মুক্তি পায় তার। সেই ধারাবাহিকতায় বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।

নিজের ব্যস্ততা প্রসঙ্গে শাম্মী বলেন, ‘সম্প্রতি শেষ করলাম বঙ্গবন্ধু বায়োপিকে কাজ। সরকারি অনুদানের সিনেমা জল রঙ-এর প্রথম লটের কাজ শুটিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া ‘মধ্যবিত্ত’ সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করছি। রানু নামের এই চরিত্রেটি ঘিরেই সিনেমাটির গল্প তৈরি হয়েছে। এই সিনেমাটিরও প্রথম লটের কাজ শেষ হয়েছে। পাশাপাশি শিগগিরই ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকার শেষ লটের শুটিংয়ে অংশ নেবো।’

চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও নাটকে আর আগের মতো দেখা মিলছে না শাম্মীর। তবে গত বিজয় দিবসে তার চিত্রনাট্য ও অভিনীত ‘রবির আবির’ নামের একটি নাটক বেশ সাড়া ফেলে দর্শকদের মাঝে।

এলিনা শাম্মী। ছবি: সংগৃহীত

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটক থেকে দূরে সরে যাইনি। আগের মতো নিয়মিত না থাকলে মাঝে মাঝেই একক নাটকে কাজ করছি। এছাড়া বিশেষ দিবসের নাটকেও অভিনয় করছি। পাশাপাশি এরইমধ্যে ৪০টির ওপরে আমার লেখা নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে।’

এদিকে ওয়েব সিরিজের কাজ নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন এলিনা শাম্মী। তবে বর্তমানে বেশিরভাগ ওয়েব সিরিজ থ্রিলারধর্মী গল্পে নির্মিত হচ্ছে। এতে দর্শক অনিহা তৈরি হবে কি-না?—এমন প্রশ্নে এলিনা আরো বলেন, ‘আমার তা মনে হয় না। কারণ শুধু থ্রিলার গল্পে সিরিজ নির্মিত হচ্ছে না। বিভিন্ন গল্পেই ওয়েব সিরিজ হচ্ছে এবং জনপ্রিয়তা পাচ্ছে।’

ইত্তেফাক/বিএএফ