কক্সবাজারে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় পর্যটন নিয়ে নেতিবাচক প্রচারণা চলেছে। এতে ক্ষতি হয়েছে কক্সবাজার কেন্দ্রিক পর্যটন ব্যবসায়। এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে এখন থেকে প্রশাসনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে কঠোর নজরদারি রাখার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে সৈকতের লাবণী পয়েন্টের জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে হেল্প ডেস্ক নাম্বারসহ সাইন বোর্ড হাতে সমাবেশ করে ছাত্রলীগের নেতা কর্মীরা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে মারুফ আদনান বলেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকরা এখন থেকে কোনো প্রকার হয়রানি ও অসুবিধার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে সাইন বোর্ডে দেয়া হেল্প লাইনে যোগাযোগ করলে তৎক্ষণাৎ দায়িত্বে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত হবেন। এবং যে পর্যটকের সহযোগিতা প্রয়োজন হবে তাদের সহযোগিতা প্রদান করা হবে। এজন্য সৈকতের বিভিন্ন পয়েন্টে ১০ জন করে ছাত্রলীগের নেতা-কর্মী নিয়োজিত রয়েছেন। দিবারাত্রি পর্যটকদের সেবা দিতে তারা বদ্ধ পরিকর। হেল্প লাইন নাম্বারগুলো হলো- 01818-166007, 01825-650359, 01859-218145। যেকোন ধরণের পর্যটক ওই নাম্বারগুলোতে ফোন করে সহায়তা পেতে পারেন বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান।
ছাত্রলীগের নেতা কর্মীরা সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে মাইকিং করে হেল্প ডেস্ক নাম্বার ও তাদের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।
এসময় জেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত, সদর উপজেলা সভাপতি তামজিদ পাশা, ছাত্রলীগ নেতা মনিরুল হক, রফিকুল ইসলামসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।