ঈশ্বরদী স্বাস্থ্য কেন্দ্রে শনিবার (১ জানুয়ারি) হতে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সকালে বুস্টার ডোজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
এসময় তিনি বলেন, ‘মানবতার মা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য নজিরবিহীন ভাবে বিনা পয়সায় করোনা টিকার ব্যবস্থা করেছেন। এখন বুস্টার ডোজ দিয়ে মানুষকে আরও সুরক্ষিত রাখার উদ্যোগ নিয়েছেন।’
ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিরা বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধন করার দরকার হবে না বলে হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা ডা: আসমা খান জানিয়েছেন। ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের বুস্টার ডোজ দেওয়া হবে। তবে দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাবে।
তিনি আরও বলেন, বুস্টার ডোজের জন্য নতুন করে নিবন্ধন করার দরকার হবে না। দুই ডোজ পেয়েছেন এমন ব্যক্তিদের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও আইসিটি বিভাগের কাছে আছে। যে কেন্দ্র থেকে গ্রহীতা প্রথম দুই ডোজ নিয়েছেন, সেই কেন্দ্রেই বুস্টার ডোজ নিতে হবে। কোন তারিখে বুস্টার ডোজ নেওয়া যাবে, তা মুঠোফোনের খুদে বার্তায় পাওয়া যাবে।