কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও দাম কম থাকায় চরম হতাশ চাষিরা।
উপজেলার গজেরকুটি, বালাহাট , নাওডাঙ্গা, গোরকমণ্ডপ, চরগোড়ক মণ্ডল, বালাটারী কুরুষাফেরুষা এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষকরা অধিক লাভের আশায় শতশত বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। যাদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমি লিজ নিয়ে মরিচ চাষ করেছেন। দাম কম হওয়ায় উৎপাদন খরচ উঠছে না কৃষকের।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকার মরিচ চাষি মজির হোসেন জানান, তিনি প্রতি বছর ৫ থেকে ৭ বিঘা জমিতে মরিচের আবাদ করেন। এ বছরও তিনি পাঁচ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। প্রতি বিঘা মরিচ চাষ করতে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। দাম কম থাকায় উৎপাদন খরচ উঠছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এবার মরিচের আবাদে কোনো প্রকার রোগ বালাই আক্রমণ নেই। ফলে বাম্পার ফলন হয়েছে। এ বছর উপজেলায় ৯০ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে। তবে বর্তমানে মরিচের দাম কিছুটা কম। যারা আগাম মরিচ চাষ করেছেন তারা লাভবান হয়েছেন।