তৈমুরের অভিযোগ এক ব্যক্তির শেখানো: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার কিছু না জেনে কারও শেখানো বুলি আওড়াচ্ছেন। পূর্বের দুই নির্বাচনে যে অভিযোগগুলো ছিল, সেগুলোই বলছেন তিনি, নতুন কোনো অভিযোগ আনতে পারছেন না। 

শনিবার (১ জানুয়ারী) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বটতলা এলাকায় গণসংযোগের সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন। 

এ সময় নৌকার প্রার্থী আইভী এক ব্যক্তিকে ইঙ্গিত করে বলেছেন, আমার বিপরীতে যিনি শক্ত প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার উনি যে অভিযোগগুলো করছেন সেগুলো সারা বছর অন্য একজন করে থাকেন। আমি জানি না উনি কারো দ্বারা প্রভাবিত কিনা- তবে এ বিষয়ে এখন কথা বলতে চাই না। 

এ সময় সাংসদ শামীম ওসমানের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন করলে আইভী বলেন, এ বিষয়ে আমাদের না যাওয়াই উচিত। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের অভিযোগের জবাব আমি দেওয়ার চেষ্টা করি। তিনি কার দ্বারা প্রভাবিত জানি না, তবে তিনি যে অভিযোগগুলো করছেন- এক ব্যক্তি ছিল যিনি এ অভিযোগ করতেন।

আইভী বলেন, আমাদের সবকিছুই টেন্ডারের মাধ্যমে হচ্ছে। এখানে কোনো সিন্ডিকেট করে কাউকে কাজ দেওয়ার উপায় নেই। উনি না জেনে কারো শেখানো বুলি আওড়াচ্ছেন। 

শীতলক্ষ্যা ব্রিজ প্রসঙ্গে আইভী বলেন, শীতলক্ষ্যা ব্রিজের টেন্ডার প্রায় সম্পন্ন। তবে আমরা কোভিডের জন্য অনেকটা পিছিয়ে আছি। এখন ড্রয়িংয়ের কাজও শেষ হয়ে গেছে। কাজটা প্রায় শেষের দিকেই। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমার মা-বোনেরা আমার ভাইয়েরা আমাকে ভোট দিবেন। 

আইভী বলেন, আমি সবসময় দলমত নির্বিশেষে কাজ করছি। কখনো আওয়ামী লীগ বা বিএনপি দেখিনি। সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, সবার কাজ করে দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি মনে করি আপনাদের কাছে আমার দাবি আছে ভোট চাওয়ার, আপনারা যে দলই করেন না কেন- এটা স্থানীয় সরকার নির্বাচন। আপনারা নৌকা মার্কায় ভোট দিলে এমন না যে দেশে পরিবর্তন হয়ে যাবে। 

তিনি বলেন, আপনাদের দাবি এই এলাকায় বড় খেলার মাঠ নাই। আপনাদের কাউন্সিলর আমাকে বহুবার বলেছেন এখানে বড় কবরস্থান নাই। আমরা চেষ্টা করব জায়গা অ্যাকোয়ার করে মাঠ, হসপিটাল আর একটা কবরস্থান করার জন্য। আমাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চারটা হসপিটাল আছে। আমরা ৮নং ওয়ার্ডে জায়গা পেয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন যেখানে জায়গা নেই সেখানে জায়গা অ্যাকোয়ার করে কাজ করতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমি সব করে দেব। 

ইত্তেফাক/এনএ