ভিকি কৌশলের বিরুদ্ধে থানায় অভিযোগ

বেশ কিছুদিন আগেই একটি সিনেমার শ্যুটিংয়ে বাইকে ভিকির ঘুরে বেড়ানোর ছবি নেট মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিলো।

এবার এই ছবির মাধ্যমেই অভিনেতার বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগের তীর। ইনদওরের বসবাসকারী জয় সিংহ যাদব নামের এক ব্যক্তি দাবি করেছেন তার বাইকের নম্বর প্লেট তাকে না জানিয়েই শ্যুটিংয়ে ব্যবহার করা হয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

সংবাদসংস্থা এএনআইকে জয় সিংহ যাদব বলেছেন, "ভিকির বাইকে যে নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটি আসলে আমার বাইকের। আমি জানি না ছবির নির্মাতা কথাটি জানেন কি না। কিন্তু আমার অনুমতি ছাড়া এভাবে আমার বাইকের নম্বর ব্যবহার করা যেতে পারে না। আমও থানায় অভিযোগ করেছি। আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"

প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে। অভিনেতার বাইকে নম্বর প্লেট বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে কি না সে বিষয়ে তদন্ত করা হবে।