আনিসার নতুন বছরের উপহার ‘আবার দেখা হলে’

সংগীত জগতে জনপ্রিয় নাম আনিসা বিনতে আবদুল্লাহ। ‘আবার দেখা হলে’ শিরোনামে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন ‘ভারতমৈত্রী’ সম্মাননা পাওয়া এই শিল্পী। নতুন বছরের প্রথম সপ্তাহে প্রকাশ পেতে যাচ্ছে গানটি।

‘আবার দেখা হলে’ গানটির কথা লিখেছেন স্নোহাষীশ ঘোষ। এটির সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। গানটির সঙ্গে থাকছে চমৎকার মিউজিক ভিডিও। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং।

আনিসা বিনতে আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

গানটি নিয়ে অনেক আশাবাদী আনিসা বিনতে আবদুল্লাহ। জানালেন, ‘বছর শেষ হতে আর মাত্র একদিন বাকি। নতুন বছর উপলক্ষে ‘আবার দেখা হলে’ শিরোনামে আমার একটি মৌলিক গান আসছে। এবারের গানটি মেলোডি ঘরানার। এটির সঙ্গে থাকছে চমৎকার মিউজিক ভিডিও। কয়েকদিন আগে কক্সবাজারে সমুদ্র সৈকতে মনোরম পরিবেশে দৃশ্য-ধারণ করা হয়েছে। দারুণ একটি গান হয়েছে। প্রকাশের পর গানটি শুনলে সবার ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। বলা চলে, আমার প্রিয় স্রোতা ও ভক্তদের জন্য এটি নতুন বছরের উপহার।’

প্রসঙ্গত, সর্বশেষ ‘সোনা বন্ধু রে’ ‘সাদা কালো’ ও কলিজায় দাগ লেগেছে’ শিরোনামে এ সংগীতশিল্পীর তিনটি মৌলিক গান প্রকাশ হয়েছে।

 

ইত্তেফাক/বিএএফ