পুলিশের সঙ্গে বিশেষ সভা করবে ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর পাঠিয়েছে ইসি। চিঠিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ২২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এই বৈঠক হবে। পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগ ও সকল মহানগর পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপারদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে সকালে ইসির কাছে বিএনপি অভিযোগ করেছে, কমিশনের নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলটির তথ্য অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭৭৩ জন নেতাকর্মীকে। এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, সত্যিকার অর্থে যদি কোনো হয়রানিমূলক মামলা হয়ে থাকে এবং সেটা রাজনৈতিক হয়, তাহলে আমরা অবশ্যই প্রশাসনকে নির্দেশনা দেবো, যেন হয়রানিমূলক মামলা না করে। কারণ হয়রানিমূলক মামলা হলে নির্বাচনী পরিবেশ কিছুটা হলেও বিনষ্ট হবে।

দলের সভাপতি-সাধারণ সম্পাদকের ছবি চেয়ে ইসির চিঠি:দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার ইসির উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দলগুলোর সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রদর্শিত নিবন্ধিত রাজনৈতিক দলের বিভিন্ন তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট দলের চেয়ারম্যান বা সভাপতি ও মহাসচিব বা সাধারণ সম্পাদকের ছবি প্রদর্শিত হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে চেয়ারম্যান বা সভাপতি ও মহাসচিব বা সাধারণ সম্পাদকের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি পাঁচ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পরে পুনঃতফসিল ঘোষণা করা হয় এবং সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর ও ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর।

ইত্তেফাক/নূহু