হাবিপ্রবি’র পরিবহন পুলে যুক্ত হলো বিআরটিসি বাস

ইংরেজি নববর্ষের প্রথম কর্মদিবসে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ২ টি দ্বিতল বিআরটিসি বাসের উদ্বোধন করা হয়েছে।

২ জানুয়ারি (রবিবার) দুপুর সাড়ে ১২ টায় হাবিপ্রবির পরিবহণ পুলে যুক্ত হওয়া ২ টি দ্বিতল বিআরটিসি বাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। 

হাবিপ্রবি’র পরিবহণ পুলে যুক্ত হলো ২টি বিআরটিসি বাস। ছবি- ইত্তেফাক

এছাড়াও বিআরটিসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিআরটিসি’র দিনাজপুর ডিপোর ম্যানেজার মো. মোশাররফ হোসেন সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা ইতোমধ্যে জাতিসংঘ স্বীকৃতিও দিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের এই মাহেন্দ্রক্ষণ আজ উদযাপন করছে বাংলাদেশ সরকার। এই উদযাপনের অংশীদার হিসেবে হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য উপহারসরূপ ইংরেজি নববর্ষের প্রথম কর্মদিবসে বাস ২ টি যাত্রা শুরু করলো। এই ২ টি বাস যুক্ত হওয়ার শিক্ষার্থীদের পরিবহণ সমস্যা অনেকটা লাঘব হবে বলে আশা করি।

বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে বিআরটিসি’র সঙ্গে চুক্তিতে একমত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দেখা মিলবে বিআরটিসি'র লাল-সবুজের বাসের। বাসগুলো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বাসের সাথেই শহর থেকে ক্যাম্পাসে নিয়মিতভাবে যাতায়াত করবে এবং নতুন করে বাস শিডিউল দিয়েছে বিশ্ববিদ্যালয়টির পরিবহন শাখা।