সাভারে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই যুবকের নাম এনামুল (২৫)। এঘটনায় তুষার নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) রাতে রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাসার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এনামুল গাইবান্ধা জেলার রুহুলের ছেলে। অপরদিকে আটক তুষার নিহতের বন্ধু বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাসার সামনেই ওই যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বন্ধু-বান্ধবের মধ্যে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানতে পেরেছি। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।