ফুলবাড়ীতে যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরসহ সাতটি ইউনিয়নের হাটবাজারে সড়কের আশ-পাশের দোকান, মোড়সহ যেখানে সেখানে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার ও পেট্রলসহ বিভিন্ন দাহ্য পদার্থ। এসব দোকানের বিস্ফোরক অধিদপ্তরের নিবন্ধনসহ অগ্নিনির্বাপণ সক্ষমতা নেই। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরজমিনে পৌরশহরসহ কয়েকটি হাটবাজারে ঘুরে দেখা যায়, এলপি গ্যাস সিলিন্ডার এখন পাড়া-মহল্লার মুদি দোকানেও পাওয়া যাচ্ছে। এসব দোকানের অধিকাংশেরই ট্রেড লাইসেন্সটুকুও নেই। নেই গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমোদন, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স। অথচ দেদারছে বেচাকেনা চলছে এই দাহ্য পদার্থ।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা অনুযায়ী সেবাগ্রহীতার জীবনের নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কোনো কাজ করলে তিন বছরের কারাদণ্ড বা অনধিক ২ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ এ জ্বালানি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করে পরিদপ্তরের কাগজপত্র লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বেচাবিক্রি হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, আইনকানুন দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।