যুবলীগ নেতা অপহরণের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে ইমান হোসেন (২৭) নামে এক যুবলীগ নেতাকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  সোমবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। 

এ সময় সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ফলে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে যুবলীগ নেতাকে মুক্তি দেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।
 
উল্লেখ্য, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে মানিকছড়ি থেকে বড়বিল নিজ বাড়ীতে ফেরার পথে তিনি অপহরণের শিকার হন ইমান হোসেন । তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা কেউই নিশ্চিত করেনি। ইমান হোসেন মানিকছড়ি তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার চাচা শফিকুল ইসলাম ফারুক মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

মানিকছড়ি থানার ওসি মো. শাহনুর আলম জানান, এই বিষয়ে পরিবার থেকে একটি জিডি করা হয়েছে। এখন তদন্ত চলছে।